সরদার নাছির আহমেদ
রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনসহ একজনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-শাহিন আলম (২১)।
পল্টন থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় পল্টন থানা এলাকার একটি কমিউনিটি সেন্টারের বিপরীত পাশ থেকে নিহতের খণ্ডিত একটি পা, সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় বায়তুল মোকারমের স্টেডিয়াম সংলগ্ন গেটের পাশ থেকে দুইটি পূর্ণাঙ্গ হাত, দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে অপর একটি পা উদ্ধার হয়। পল্টন মডেল থানা পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সাথে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘাতকের অবস্থান শনাক্ত করে। এক পর্যায়ে শনিবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুর আনুমানিক ৩:০০ ঘটিকায় মতিঝিল থানাধীন হীরাঝিল হোটেলের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার দেখানো মতে কবি জসীমউদ্দীন রোডের ভাড়া বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি, ভিকটিমের মোবাইল ফোন এবং লাশ পরিবহনে ব্যবহৃত সাইকেলটি উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় মাতুয়াইল ময়লার ভাগাড় হতে খন্ডিত মস্তক সকাল আনুমানিক ০৮:৩০ ঘটিকায় আমিনবাজারের সালেহপুর ব্রিজের নীচ হতে কোমরের একটি অংশ উদ্ধার করা হয় এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
