ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-গান্না সড়কের খণ্ড খণ্ড স্থানে সামান্য নষ্ট হওয়া একটি ফ্রেশ পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। স্থানগুলো মেরামত না করেই বিশাল অর্থ ব্যয়ে সচল পিচ রাস্তা খুঁড়ে ইট বসানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন সাড়ে ৮০০ মিটার ওই সড়কে দুই স্তরে ইটের সলিং স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। যা অপ্রয়োজনীয় ও অস্বাভাবিক বলে মন্তব্য করেছেন অনেকেই।
সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট বিছানো হচ্ছে। সড়কে প্রতিনিয়ত চলাচলকারী পথচারীদের ভাষ্য, সড়কটির কিছু কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভালো ছিল। কিন্তু কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে সচল ভালো রাস্তা খুঁড়ে ইটের সলিং বসাচ্ছে। স্থানীয়দের ভাষ্য, কাজটিতে অহেতুক সরকারের মোটা অঙ্কের টাকাই ধ্বংস করা হচ্ছে। কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনস্ট্রাকশন।
সড়ক সংলগ্ন ধান ব্যবসায়ী তুহিন হোসেন জানান, সড়কটির কিছু কিছু স্থানে সামান্য নষ্ট হয়েছিল, যা ভরাট বা পুটিং করাও যেত। কিন্তু গত এক মাস আগে থেকে ভালো পিচ পাকা সড়কটি খুঁড়ে নতুন ইটের সলিং বসাচ্ছে। এতে তারা ও পথচারীরা চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন।
সড়কে চলাচলকারী ইজিবাইক চালক আলিম হোসেন জানান, ভালো পিচ সড়ক খুঁড়ে ইট বসানোতে টাকার শ্রাদ্ধ করা হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভালো হতো। তিনি আরও বলেন, শুনেছি, আগামী এক বছরের মধ্যেই ৬০০ কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নতুন হবে। আর এখন যে অর্থ ব্যয়ে ইট বসানো হচ্ছে, এর থেকে সামান্য কিছু বেশি বরাদ্দ করলেই নতুন পাকা রাস্তা নির্মাণ করা সম্ভব হতো। এটি সরকারি অহেতুক অর্থের অপচয় ছাড়া কিছুই নয়।
ঠিকাদার গামা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গোলাপ মেম্বার সড়কটির অনেক স্থানের ফ্রেশ পিচ রাস্তা খুঁড়ে ইট স্থাপন বিষয়ে বলেন, তাঁর কিছুই করার নেই। তিনি নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারে উল্লেখিত সব অংশেই তাঁকে ইট বসাতে হবে। তিনি বলেন, পাকা পিচ খুঁড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।
কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস বলেন, সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানই নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সে হিসাবে এটি তাঁদের একটি চলমান প্রক্রিয়ার মেইনটেন্যান্সের কাজ। তবে অনেক স্থানেই ভালো রাস্তা খুঁড়ে ইট স্থাপন করা হচ্ছে কেন—এমন প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার পরামর্শ দেন।
