রাজধানী ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের চারটি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (৩ জুন) জাতীয় প্রেসক্লাব এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারা, হাইকোর্ট ও সচিবালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী, জাতীয় ও আন্তর্জাতিক এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, অধিকারকর্মী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা সহায়ক প্রযুক্তির সহজলভ্যতা ও সাশ্রয়ী প্রাপ্তি নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন। প্রায় তিন শতাধিক সহায়ক প্রযুক্তি ব্যবহারকারী এই কর্মসূচিতে অংশ নেন।
আগামী ৪ জুন পালিত হতে যাওয়া তৃতীয় বিশ্ব সহায়ক প্রযুক্তি দিবস উপল

ক্ষে এ র্যালির আয়োজন করা হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরা এবং সহায়ক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
র্যালিতে বক্তারা বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বিপুল সংখ্যক মানুষ প্রয়োজনীয় সহায়ক প্রযুক্তি থেকে বঞ্চিত। অনেক ক্ষেত্রে প্রায় ৭৭ শতাংশ মানুষ এ সুবিধা পান না, ফলে তারা শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক জীবনে পূর্ণাঙ্গ অংশগ্রহণ থেকে পিছিয়ে পড়েন।
তারা আরও জানান, সহায়ক প্রযুক্তিতে এক টাকা বিনিয়োগ করলে প্রায় ৯ টাকা পর্যন্ত সামাজিক ও অর্থনৈতিক সুফল পাওয়া সম্ভব। তবুও এ খাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম।
আয়োজকরা বলেন, সহায়ক প্রযুক্তি কোনো বিলাসিতা নয়; এটি একটি মৌলিক মানবাধিকার। প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ জনগোষ্ঠী ও সহায়তা প্রয়োজন এমন মানুষের স্বাধীনভাবে জীবনযাপন এবং সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এর গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিটি), ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ, ময়মনসিংহ ডিজঅ্যাবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট (এমডিপিওডি) এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারস যৌথভাবে এই র্যালির আয়োজন করে।
র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ট্রাস্টি মো. মনিরুল্লাহিয়ান খান, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সরদার আবদুর রহমান, এমডিপিওডির নির্বাহী পরিচালক মো. মোকাম্মেল হোসেন এবং সোসাইটি অব দ্য ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজারসের নির্বাহী পরিচালক হাসিবা হাসান জয়া।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন সহায়ক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় জাতীয় পর্যায়ে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে।
