ঝিনাইদহ প্রতিনিধি:
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড এক রোগীর মৃ/ত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আবু জাফর কুসুম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করেন। এ সময় রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও চালক বকুল হোসেন জ্বালানি সংকটের অজুহাতে ভাড়ায় যেতে অস্বীকৃতি জানান। পরে স্বজনরা নিজেরাই জ্বালানির ব্যবস্থা করলেও তিনি রোগী পরিবহন করেননি বলে অভিযোগ ওঠে।
এর ফলে প্রয়োজনীয় সময়ে রোগীকে স্থানান্তর করা সম্ভব হয়নি এবং এক পর্যায়ে তার মৃ/ত্যু ঘটে।
ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
পরবর্তীতে দায়িত্বে অবহেলার অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ চালক বকুলকে গ্রেপ্তার করে।
এদিকে স্থানীয়দের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই সরকারি অ্যাম্বুলেন্স সেবায় জ্বালানি ব্যবস্থাপনা, ভাড়া আদায়, এবং পরিচালনা সংক্রান্ত নানা অনিয়ম করে আসছিল। তবে নির্ধারিত নীতিমালা উপেক্ষা করে অ্যাম্বুলেন্স ব্যবহারে অনিয়ম এবং সেবা প্রদানে গাফিলতি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারির অভাবে তা নিয়ন্ত্রণে আসেনি।
সচেতন মহলের দাবি, শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নয়, পুরো সেবাব্যবস্থার অনিয়ম ও দুর্বলতা তদন্ত করে দেখা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।
